স্বাস্থ্যবিধি মেনে সেবা অব্যাহত রাখতে ডাক-কর্মকর্তাদের নির্দেশনা

১২ এপ্রিল, ২০২০ ১৬:১৩  
নিরাপত্তা ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে দেশজুড়ে ডাক সেবা অব্যাহত রাখতে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলেদের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পরামর্শ দিয়েছেন, গ্রাহকের দোরগোড়ায় পার্সেলকৃত প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেয়ার। ভিডিও বৈঠকের মাধ্যমে এই নির্দশনা দেন তিনি। শনিবার অনুষ্ঠিত ওই ভিডিও বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ নূর-উর-রহমান, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ডিপিএমজিরা অংশ নেন। বৈঠকে প্রতি দিন ৩ ঘণ্টা ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেন এর পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা প্রদানের জন্য কাউন্টার চালু রাখার পাশাপাশি প্রয়োজনে গ্রাহকের বাসায় পর্সেল পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগ ৫-৯ এপ্রিল খোলা ছিলো। আজকেও খুলেছে। পরিবহনও শুরু হয়েছে। পার্শ্বেল ও পণ্য পরিবহন শুরু হয়েছে। এখন সীমিত আকরে হলেও আমরা ধীরে ধীরে পুরাপুরি খুলবো। সমস্যা হলো ভীড় হচ্ছে প্রচুর-স্বাস্থ্য বিধিও মানছে না। সেটা মানার বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানাগেছে, ৬৪ জেলায় ৬০টি কাভার্ড ভ্যানে করে করোনা ভাইরাসের চিকিৎসা সহায়ক সরঞ্জাম পিপিই, কিট ও জনসচেতনতামূলক লিফলেট পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ। একই সঙ্গে ৭০ হাজার আউটলেটের মাধ্যমে নগদের সেবা কার্যক্রম চালু রয়েছে।